শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

শেরপুরে হচ্ছে মেডিকেল কলেজ: সম্ভাব্য স্থান পরিদর্শনে আসছে কমিটি

শেরপুরে হচ্ছে মেডিকেল কলেজ: সম্ভাব্য স্থান পরিদর্শনে আসছে কমিটি
News Banner

দীর্ঘদিনের প্রত্যাশার পর শেরপুরে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগে দৃশ্যমান অগ্রগতি দেখা দিয়েছে। প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষ্যে আগামী ৮ জুন উচ্চপর্যায়ের একটি পরিদর্শন কমিটি সরেজমিনে সম্ভাব্য স্থান পরিদর্শন করবে বলে জানা গেছে।
সোমবার (১ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। 
আদেশে বলা হয়, আগামী ৮ জুন সকাল ১০টায় প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থান পরিদর্শন করবে কমিটি। নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের উপযোগিতা, প্রয়োজনীয়তা এবং অবকাঠামোগত সক্ষমতা যাচাই করাই এ পরিদর্শনের মূল উদ্দেশ্য।পরিদর্শন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)। এ ছাড়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) মনোনীত প্রতিনিধি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সহকারী পরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্বে থাকবেন। আদেশে আরও বলা হয়, সরেজমিন পরিদর্শনের পর কমিটির সদস্যরা মতামত ও সুপারিশসহ একটি প্রতিবেদন প্রস্তুত করবেন এবং ৭ কর্মদিবসের মধ্যে তা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে দাখিল করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা গেছে, শেরপুর জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বহু বছরের। সীমান্তবর্তী এ জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও রোগীদের উন্নত চিকিৎসাসেবার জন্য দীর্ঘদিন ধরে অন্য জেলার ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হলে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 
এর আগে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আর্মি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। আর্মি মেডিকেল কলেজের জন্য জমিও নির্বাচন করা হয়েছে এবং প্রকল্পের নামে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। যদিও এখনো প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়নি।
সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি আর্মি মেডিকেল কলেজ প্রকল্পও বাস্তবায়িত হলে ভবিষ্যতে শেরপুরে দুটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। এতে জেলার শিক্ষার্থীরা নিজ এলাকায় চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে এবং উত্তরাঞ্চলের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রও সম্প্রসারিত হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের কমিটির এই পরিদর্শনকে শেরপুরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন জেলার সচেতন মহল। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বাস্তবেই শেরপুরে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 164 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 51 টি

মন্তব্য করুন